আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি বাত’। দেশ গঠন, সামাজিক সচেতনতা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সাধারণ মানুষকে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রেরণা জোগায়। সেই ধারাবাহিকতায় রবিবার ১৪ নম্বর বাঁধারঘাট মণ্ডলের উদ্যোগে আমতলী বাইপাস সংলগ্ন বৈষ্ণবটিলা এলাকায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্ব শোনার আয়োজন করা হয়।
আমতলীর বৈষ্ণবটিলা কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও অনুষ্ঠানে অংশ নেন। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করা হলে উপস্থিত সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন ‘মন কি বাত’ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভাবনা, অভিজ্ঞতা, উদ্যোগ ও সাফল্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ইতিবাচক উদ্যোগগুলিকে উৎসাহিত করেন।
এদিনের ‘মন কি বাত’ পর্বে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এর মধ্যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর দশম বর্ষপূর্তি, জনগণনা, গুজরাটের সোমনাথ ও সূর্যমন্দির, প্রকৃতি সংরক্ষণ, নেশামুক্তি অভিযান, খেলাধুলা এবং কৃষি-সহ বিভিন্ন বিষয় উঠে আসে।
বিশেষ করে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ, নেশামুক্ত সমাজ গঠন, খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ এবং কৃষিক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের মতো বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের ইতিবাচক ভূমিকা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁদের উদ্যোগকে সামনে এনে সমাজ ও দেশ গঠনে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।
বৈষ্ণবটিলা কমিউনিটি হলে ‘মন কি বাত’ শোনার কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি অনুষ্ঠানে দেশ ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়।



















