আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিলেন ভোটকর্মীরা। দীর্ঘ ১০ বছর পর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় ভোটারদের পাশাপাশি ভোটকর্মীদের মধ্যেও বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে। ফলে এডিসি এলাকার বহু নবীন ভোটার প্রথমবারের মতো ব্যালট পেপারে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
আমবাসা আরডি ব্লক এলাকায় মোট ৪১টি পোলিং স্টেশন রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকর্মীরা তাঁদের নির্ধারিত পোলিং স্টেশনের উদ্দেশে রওনা দেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং নির্বাচন পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি প্রসঙ্গে আমবাসা আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ভোটকর্মীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এদিন তিনি সাধারণ ভোটারদের কাছে আবেদন জানান, যাতে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ এক দশক পর ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে এডিসি এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এখন সবার নজর নির্বাচনের দিন ভোটগ্রহণ কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে।



















