আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সাংসদ তহবিলের উদ্যোগে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এই সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করা হয়। শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের মধ্যে আনন্দ ভাগ করে নেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর সরকারের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই কর্মসূচিরই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’র আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে জনসেবার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ২৫ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সেবামূলক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।


















