আগরতলা, ৫ মে: জম্পুইজলা-টাকারজলা এলাকায় ১২ ঘণ্টার বন্ধের ডাককে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তিপরা মথার কর্মী-সমর্থকরা।
জানা গেছে, জম্পুইজলা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায়
গ্রেপ্তার হওয়া তিপরা মথার কর্মী রঞ্জিত দেববর্মার মুক্তির দাবিতে এই ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বনধের জেরে সকাল থেকেই জম্পুইজলা ও টাকারজলা এলাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। বহু যাত্রী ও সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, বিজেপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


















