আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাচীন এই চিকিৎসা পদ্ধতির প্রসারের বার্তা নিয়ে আয়োজিত মিছিলে অংশ নেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ, জেলা শাসক ড. বিশাল কুমার-সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ জানান, এবারের আয়ুর্বেদ দিবস ত্রিপুরার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজও চালুর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, আয়ুর্বেদ দিবস পালনের মূল উদ্দেশ্য হল আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির গুরুত্বকে নতুন করে স্মরণ করা এবং আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এর পুনরুজ্জীবন ও বিকাশ ঘটানো। একইসঙ্গে প্রমাণভিত্তিক চিকিৎসা ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুর্বেদিক চিকিৎসক, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে আয়ুর্বেদের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, জেলা শাসক ড. বিশাল কুমার বলেন, আয়ুর্বেদ শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং কীভাবে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করা যায়, সেই শিক্ষাও দেয়। দৈনন্দিন জীবনে সহজলভ্য বিভিন্ন উপাদান ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা দেয় আয়ুর্বেদ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দূষণসহ বিভিন্ন কারণে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে। এর পাশাপাশি বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও সচেতন হওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে জীবনযাত্রায় প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। আয়ুর্বেদ সম্পর্কে শিক্ষা ও সচেতনতা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা শাসক আরও জানান, আয়ুর্বেদের প্রসারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ত্রিপুরাতেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আয়ুর্বেদকে আরও জনপ্রিয় করে তুলতে শিক্ষা, গবেষণা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এদিনের পদযাত্রা ও মেলার আয়োজনের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন এবং আয়ুর্বেদ বিভাগের আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি।



















