News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবী অসাংবিধানিক নয় ঃ কংগ্রেস, রাজ্যভাগের দাবী প্রসঙ্গে বিধানসভায় জোর তর্কযুদ্ধ
Image

পৃথক রাজ্যের দাবী অসাংবিধানিক নয় ঃ কংগ্রেস, রাজ্যভাগের দাবী প্রসঙ্গে বিধানসভায় জোর তর্কযুদ্ধ

CM Manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে আজ বিধানসভায় সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে জোর বাক্যুদ্ধ হয়েছে৷ এই দাবির বিরোধীতা করে আনা বেসরকারি প্রস্তাবের কৌশলী বিরোধীতা করে কংগ্রেস৷ এডিসি এলাকায় অনুন্নয়নকেই পৃথক রাজ্যের দাবি ওঠার পিছনে কারণ বলে উল্লেখ করে৷
এদিন, পৃথক রাজ্যের দাবির বিরোধীতা করে বিধানসভায় বেসরকারি প্রস্তাব আনেন ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুধন দাস৷ এদিকে, পৃথক রাজ্যের দাবিকে বিরোধিতা করলেও তা অসাংবিধানিক নয় বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ৷ তিনি এই প্রস্তাবের সংশোধনী আনেন৷ বিরোধী দল নেতার এবিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, সামনে ভিলেজ কমিটি নির্বাচনকে লক্ষ্য রেখে রাজনীতি করার উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হয়েছে৷ তবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা সহ মুখ্যমন্ত্রী এই প্রস্তাবের সমর্থনে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবটি যথেষ্ট প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত৷ অবশ্য বিরোধী বেঞ্চের সদস্যরা তাতে স্বাভাবিকভাবেই সহমত পোষণ করেন নি৷ তাদের বক্তব্য, উপজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়ন আজও অধরা৷ আর এই কারণে একাংশ উপজাতি পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছেন৷ এই দাবি সমর্থন না করা গেলেও তা অসাংবিধানিক নয় বলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী বেঞ্চের সদস্যরা৷
ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুধন দাস যে বেসরকারি প্রস্তাবটি আনেন সেটি হল, ‘ত্রিপুরাকে ভাগ করে আরো একটি নতুন রাজ্য গঠনের দাবি উত্থাপন করে একটি স্বার্থান্বেষী মহল রাজ্যের ঐক্য, সংহতি ও সম্প্রীতিকে বিনষ্ট করে ত্রিপুরার অগ্রগতি ও সমৃদ্ধকে বিঘ্নিত করতে চাইছে৷ ত্রিপুরা বিধানসভায় রাজ্যকে ভাগ করার এই সংকীর্ণ চিন্তা প্রসূত দাবির সর্বৈব বিরোধিতা করছে এবং রাজ্যের জনগণের একতা সংহতি ও সম্প্রীতিকে আরো সুদৃঢ় করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছে৷’ বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ প্রস্তাবটি সংশোধনী এনে বলেন, প্রস্তাবটিতে এডিসিকে অধিক ক্ষমতা দেওয়ার বিষয়টিও যুক্ত করা উচিত৷ এদিন তিনি, প্রস্তাবটির সংশোধনীর স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়ন হয়নি বলে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন৷ তিনি স্পষ্ট জানান, যে ধরনের পরিকাঠামো শহরাঞ্চলে দেখা যায় তার ছিটেফোঁটাও উপজাতি অধ্যুষিত এলাকায় গড়ে ওঠেনি৷ পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই উপজাতি এলাকায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে৷ এবিষয়ে বিরোধী দলনেতার ব্যাখ্যা, উপজাতি অধ্যুষিত এলাকার বাসিন্দারা পার্শ্ববর্তী রাজ্যে গেলে সেখানে যে সুযোগসুবিধা লক্ষ্য করেন তার সাথে এই রাজ্যের উপজাতি এলাকাগুলির বিরাট পার্থক্য রয়েছে সেটা উপলব্ধি করেন৷ এরই ফলশ্রুতিতে নির্বাচনে শাসকদলের দশ শতাংশ ভোট কমেছে বলে তিনি দাবি করেন৷ এদিন তিনি অভিযোগ করে বলেন, এডিসিকে কার্যত দপ্তরে পরিণত করে রাখা হয়েছে৷ রাজ্য সরকার চাইছে না এডিসির হাতে সরাসরি অর্থ প্রদান করা হোক৷ তার জ্বলন্ত দৃষ্টান্ত হল, এডিসি এলাকার উন্নয়ন দাবি করে তাদের তরফে কেন্দ্রের কাছে কখনই সরাসরি অর্থ প্রদানে তদ্বির করতে দেখা যায়না৷ এদিন, বিরোধী বেঞ্চের সদস্য বিধায়ক রতন লাল নাথও পৃথক রাজ্যের দাবি অসাংবিধানিক নয় বলে মন্তব্য করেন৷
তবে, প্রস্তাবটির সমর্থনে এবং বিরোধী দলনেতার সংশোধনীর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করে বলেন, ত্রিপুরাকে ভাগ করে নতুন রাজ্য গঠনের মধ্য দিয়ে উপজাতিদের স্বার্থ রক্ষা হবে না৷ সবকিছু ধবংস করে দিতেই বিভেদকামী শক্তি প্ররোচনা দিচ্ছে৷ পাশাপাশি তিনি বিরোধী বেঞ্চের সদস্যদের কটাক্ষ করে বলেন, মূল প্রস্তাবের সাথে যে সংশোধনীটি আনা হয়েছে তা বিষয়টির মূল ভাবনা থেকে সরিয়ে দিতেই করা হয়েছে৷ এবিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, অতীতেও এই রাজ্যে স্বাধীন ত্রিপুরা শ্লোগান উঠেছে৷ বিদেশী বিতারণের বিষয় পর্যন্তও উঠেছে৷ আমরা রাজনৈতিক এবং আদর্শগতভাবেই তার মোকাবিলা করেছি৷ এদিন মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যের মধ্যকার প্রতিক্রিয়া শক্তি বাইরের প্রতিক্রিয়া শক্তির মদতে এমনটা করছে৷ উন্নয়নের প্রশ্ণে মুখ্যমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সাথে আমরা সবসময়ই কথা বলতে আগ্রহী৷ তাদের সাথে কথা বলে সংবিধানের মধ্যে থেকে যদি কিছু করা যায় তাতে কোন আপত্তি নেই এবং আমরা সর্বদাই প্রস্তুত৷ কিন্তু এক্ষেত্রে যখনই তা রাজ্যের এক্তিয়ার বর্হিভূত দেখা দেয় তখনই তা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে৷ উপজাতিদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর জোরালো সওয়াল তেরশ বছর ধরে ১৮৪ জন রাজা ত্রিপুরায় রাজত্ব করে গেলেও তাদের উপকারে কোন কাজ হয়নি৷ তিনি দাবি করে বলেন, রাজ্যের উপজাতি অংশের মানুষের স্বার্থে কাজ করছে সরকার৷ রাজন্য শাসনে প্রত্যেকেই উপজাতি রাজা ছিলেন৷ তা সত্ত্বেও শিক্ষার সম্প্রসারণে জনশিক্ষা আন্দোলন হয়েছে৷ দশরথ দেব, সুধন্য দেববর্মাদের নির্যাতিত হতে হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, রাজন্য আমল ও কংগ্রেস শাসিত ত্রিপুরায় কক্বরক ভাষা স্বীকৃতিও দেওয়া হয়নি৷ ভাষার দাবি জানিয়ে উপজাতি অংশের মানুষ আক্রান্ত হয়েছেন৷ শহীদ হয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা৷ ১৯৭৮ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পরই উপজাতি অংশের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে প্রথমে সপ্তম তপশিল ও পরে ষষ্ঠ তপশিল মোতাবেক জেলা পরিষদ গঠন হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর৷
এদিন, এই প্রস্তাবের সমর্থনে এবং বিরোধি দলনেতার আনা সংশোধনীকে বিরোধিতা করে বক্তব্য রাখেন উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা, গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক সুধন দাস ও বিধায়ক প্রণব দেববর্মা৷ প্রত্যেকেই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে অধিক ক্ষমতা প্রদানের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত বলে দাবি করেন৷ পাশাপাশি রাজ্যের কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে বর্তমান উদ্ভুত পরিস্থিতি শান্তি ও সম্প্রতির বাতাবরণ নষ্ট করার এক ভিন্ন চক্রান্ত বলে সমালোচনায় মুখর হন৷ এরই সাথে এরাজ্যে জাতি উপজাতির মধ্যে উন্নয়নের প্রশ্ণে কোন ভেদাভেদ নেই বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ পরে বিধানসভায় এই বেসরকারি প্রস্তাবটি ধবনি ভোটে গৃহীত হয় এবং বিরোধী দলের আনা সংশোধনীটি ধবনি ভোটে বাতিল হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top