আগরতলা, ৬ জুন: ১৯৮০ সালের ৬ জুন সংঘটিত গণহত্যার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে শনিবার ‘কালো দিবস’ পালন করল আমরা বাঙালি দল। এ উপলক্ষে রাজধানীর শিবনগরস্থিত দলীয় রাজ্য কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ, শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, ১৯৮০ সালের ৬ জুন ত্রিপুরায় সংঘটিত ভয়াবহ সহিংসতায় হাজার হাজার বাঙালি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অসংখ্য পরিবার গৃহহারা হয়ে পড়ে। তিনি দাবি করেন, সেই সময় ক্ষতিগ্রস্ত বহু পরিবার আজও ন্যায়বিচার ও পূর্ণ পুনর্বাসন থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, গণহত্যার শিকার পরিবারগুলির অনেকেই এখনও দুর্বিষহ জীবনযাপন করছেন। অথচ যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনও সুবিচারের অপেক্ষায় রয়েছেন।
গৌরাঙ্গ রুদ্র পাল সরকারের কাছে ১৯৮০ সালের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, যেসব ক্ষতিগ্রস্ত পরিবার এখনও পুনর্বাসনের সুযোগ-সুবিধা পায়নি, তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ৬ জুনের ঘটনাকে ত্রিপুরার ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।



















