বিলোনিয়া, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিলোনিয়ায় যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এসএফআই ও ডিওয়াইএফআই। পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন ছাত্র-যুব সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এলাকার বিধায়ক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র একটি দিনের কর্মসূচি হিসেবে নয়, সারা বছর ধরেই পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে এসএফআই ও ডিওয়াইএফআই।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের হাতে চারা গাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-যুব সংগঠনের একাধিক নেতা ও কর্মী। তাঁদের মধ্যে ছিলেন দীপংকর মেনন, নারায়ণ মেনন, প্রণব বৈদ্য, মধুসূদন দত্ত, গৌতম মজুমদার, বিমল বণিকসহ অন্যান্যরা। ছাত্র নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল ভৌমিক, সৌম্য চৌধুরী, ত্রিলোকেশ সিনহা প্রমুখ।
এছাড়াও বিলোনিয়ার বিভিন্ন এলাকায় পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আশিস দত্ত, গৌতম মজুমদার, মৃদুল দত্তসহ অন্যান্যরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
























