Posts of - March 2024
খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি হিরণের
খড়গপুর, ২৪ মার্চ (হি. স.): ভোটের আগে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল খড়গপুরে। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার করা হয় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মৃতের নাম শান্তনু ঘোড়াই,বয়স বত্রিশ। খড়গপুর থানার অন্তর্গত পপোরারা গ্রাম পঞ্চায়েতের বাড়বাসি এলাকার বাসিন্দা তিনি। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভা ৬/২ পপোরারা অঞ্চলের ৮০নাম্বার বুথের কার্যকর্তা ছিলেন শান্তনু ঘোড়াই। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁকে খুন করেছে তৃনমূলের গুন্ডাবাহিনী বলে দাবি পরিবারের। রবিবার সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন পুলিশ নাকি এফআইআর নিতে অস্বীকার করে। এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তিনি ফেসবুকে লাইভও করেন। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ” শাসকদল হয়তো ভুলে যায়; এ বাংলা কবিগুরুর বাংলা হলেও নেতাজীর ও বাংলা। সময় বদলাবে, বাংলাও বলদাবে, তৃণমূলী হার্মাদ রাও নিশ্চিহ্ন হবে।”
দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু ৫ জনের
ঝালাওয়ার, ২৪ মার্চ (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার রাতে ঝালাওয়ারের পাগারিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। ব্যক্তিগত বিরোধের কারণে ডাম্পারের চাকায় পিষে পাঁচজনের মৃত্যুর বিষয়ে সাব-ইন্সপেক্টর বিজেন্দ্র সিং বলেছেন, “…ডাম্পারটি কোনও নম্বর প্লেটবিহীন ছিল। ডাম্পারটির আশেপাশে ৫ জন মাটিতে পড়েছিলেন।” মৃতদের মধ্যে দু’জন সম্পর্কে ভাই বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা দুই ভাই ভরত সিং (২২) এবং ধীরজ সিং (২০)। এছাড়াও তুফান সিং (৩৩), গোবর্ধন সিং (২৮) এবং বালু সিং (২০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। সবাই বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা৷ বিবাদের নেপথ্যের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পাগারিয়ার এসএইচও বিজেন্দ্র সিং জানিয়েছেন।
সন্দেশখালিতে হামলার নেতৃত্বে কারা ছিল, জানতে সরবেড়িয়ায় সিবিআই
সন্দেশখালি, ২৪ মার্চ (হি. স.): কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, সেই রহস্য উন্মোচনে রবিবার ফের ঘটনাস্থলে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল। হামলার নেতৃত্বে কারা ছিলেন, কতজন জড়ো হয়েছিলেন, হামলাকারীদের হাতে কী ধরনের প্রতিরোধের জিনিস ছিল, কারও কাছে অস্ত্র ছিল কিনা, এই বিষয়ে পুঙ্খানপুঙ্খ জানতে এদিন সরবেড়িয়া বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এমনকী সরবেড়িয়ায় হাজির থাকা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকেও সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন সিবিআই কর্তারা। জানা গেছে, হামলার ঘটনায় ধৃত দু”জনকে নিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে সিবিআইয়ের এক প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছন। ধৃত দু”জনের বয়ানের ভিত্তিতে সৈফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিবিআই। সূত্রের খবর, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে ঢুকেছে অন্য একটি দল। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদী, কিনছেন বিধায়কদের : গোপাল রাই
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন তিনি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে গোপাল রাই বলেছেন, “কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদী, কিনছেন বিধায়কদের।” কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে গোপাল বলেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশজুড়ে সেই সমস্ত মানুষ যারা সংবিধানকে ভালোবাসেন এবং সম্মান করেন, তাঁদের হৃদয়ে ক্ষোভ রয়েছে। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের কথা নয়, একে একে সমগ্র বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য, প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছেন, বিধায়কদের কিনছেন… হয় বিধায়কদের টাকা দিয়ে কেনা হচ্ছে অথবা তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যারা বিক্রি হতে অথবা মাথা নত করতে প্রস্তুত নয়, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।”




































