বরেলি, ১০ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বরেলি জেলায় বরেলি-নৈনিতাল হাইওয়ের ওপর গাড়ি ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে বরেলি-নৈনিতাল হাইওয়ের ওপর একটি ইর্টিগা গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে গাড়িতে আগুন ধরে যায় এবং একটি শিশু-৮ জন প্রাণ হারিয়েছেন।
বরেলির এএসপি জি সুশীল চন্দ্রভান বলেছেন, ভোজিপুরার কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়৷ পরে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি সেন্ট্রাল লক করা ছিল, তাই আগুনের কারণে গাড়ির ভিতরে থাকা মানুষজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়িটির টায়ার ফেটে যায়। ট্রাকটি উত্তরাখণ্ডের দিক থেকে আসছিল।

