News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধে আহূত বরাক বনধ-এ স্তব্ধ তিন জেলা, আটক দুই বিধায়ক কমলাক্ষ ও সুজাম
Image

অসমে ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধে আহূত বরাক বনধ-এ স্তব্ধ তিন জেলা, আটক দুই বিধায়ক কমলাক্ষ ও সুজাম


করিমগঞ্জ (অসম), ২৭ জুন (হি.স.) : সংসদীয় ও বিধানসভা এলাকার ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধাচরণ করে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ), কংগ্রেস, এআইইউডিএফ সহ অন্য বিরোধী দল ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আহূত ১২ ঘণ্টার বরাক বনধ-এ স্তব্ধ কাছাড়-করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা। বরাক উপত্যকার তিন জেলায় গতকাল থেকেই রাস্তায় নামানো হয়েছে সশস্ত্র সিআরপিএফ জওয়ানদের। পুলিশ-সিআরপিএফ-এ ছয়লাপ বরাক উপত্যকার তিন জেলায় সকাল থেকে পিকেটাররা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে শুরু হয় ধরপাকড় অভিযান। বহু পিকেটারের সঙ্গে আটক করা হয় বিরোধী দলের দুই বিধায়ক উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দে পুরকায়স্থ এবং হাইলাকান্দি জেলার কাটলিছড়ার সুজাম উদ্দিনকে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে গোটা বরাকজুড়ে স্বতঃস্ফূ্র্তভাবে জনতা পালন করছেন বনধ। তবে আহূত বনধকে বানচাল করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কোনও ত্রুটি রাখেনি।
আজ সকালে করিমগঞ্জ জেলা সদরে জেলাশাসকের প্রবেশদ্বারে বনধ-এর অন্যতম আহ্বায়ক কংগ্রেসের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কম কসরত করেনি। এক সময় পুলিশ উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের উপ-সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থকে চ্যাংদোলা করে তুলে নিয়েছে। আটক করে নেওয়া হয়েছে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যদেরও। করিমগঞ্জ কলেজের সামনে ছাত্রছাত্রীদের পথ আগলে ধরেন পিকেটাররা। কিন্তু পুলিশের দল এসে পিকেটারদের তুলে নিয়ে যাওয়ার পর কলেজে ঢুকে ছাত্রছাত্রীরা।

এদিকে হাইলাকান্দি জেলায়ও বনধকে বানচাল করতে বহু পরিশ্রম করতে হয়েছে পুলিশকে। পুলিশ কাটলিছড়ার বিধায়ক এআইইউডিএফ নেতা সুজাম উদ্দিন লস্করকে হাইলাকান্দির কৃষ্ণপুর থেকে আটক করে নিয়ে গেছে। হাইলাকান্দির কৃষ্ণপুরে তাঁর সমৰ্থকদের নিয়ে দোকানপাট বন্ধ করাচ্ছিলেন বিধায়ক সুজাম উদ্দিন। সুজাম ছাড়াও প্রায় ৩০ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
অনুরূপভাবে কাছাড় জেলা সদর শিলচরেও বনধ-এর প্ৰভাব পড়েছে। কৈবৰ্ত উন্নয়ন পরিষদ-এর কর্মকর্তারা বরাক বনধ-এর বিরোধিতা করে মাঠে নামায় কিছুটা বেগ পেতে হয়েছে ডিলিমিটেশন প্রস্তাবের বিরুদ্ধাচরণকারী প্রতিবাদকারীদের। বরাক উপত্যকার তিন জেলার কোথাও সরকারি ছাড়া বেসরকারি খুব বেশি যানবাহন আজ রাস্তায় নামেনি। শিলচরে অবশ্য মাঝে-মধ্যে কয়েকটি অটো রিকশা ও টোটো চলাচল করেছিল। তবে পিকেটারদের অনুরোধে তাঁরাও ঘরমুখো হয়ে যান।

এদিকে স্কুল-কলেজে ছাত্র-শিক্ষকদের প্রবেশ করতে দেননি পিকেটাররা। পিকেটাররা প্ৰতিরোধ গড়ে তোলায় বেশ কয়েকটি সরকারি দফতরে কর্মচারীদের প্রবেশ করতে অসুবিধা হয়েছিল। তবে কোনও জায়গা থেকে এই সংবাদ লেখা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে কাছাড় জেলার কাটিগড়া, কালাইন, বড়খলা, লক্ষ্মীপুর, সোনাই, ধলাই প্রভৃতি এলাকায় পিকেটারদের আটক করায় বনধ সফল হয়নি, জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।

আহূত বনধ সম্পর্কে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এবং শিলচল জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের দাবি, সংসদীয় ও বিধানসভা এলাকার ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষ। তাই আজকের বনধকে তাঁরা সমর্থন করে সর্বাত্মক করেছেন। প্রকাশিত খসড়া ডিলিমিটেশন প্রস্তাব সম্পূর্ণ অনৈতিক, তাকে বাতিল করতেই হবে ভারতীয় নির্বাচন কমিশনকে, জোরের সঙ্গে বলেছেন প্রদীপ দত্তরায়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top