নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ সোমবার মোহনলাল দাসের স্মরণ সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সিপিআইএম সদর জেলা অফিসে অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় তফসিরে জাতির সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ স্মরণ সভার শুরুতেই নেতৃবৃন্দ প্রয়াত মোহনলাল দাস এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ নেতৃবৃন্দ প্রয়াত মোহনলাল দাসকে একজন জনবিরোধী পার্টি নেতা হিসেবে আখ্যায়িত করেন৷ রাজ্যে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি প্রয়াত মন্ত্রী অনিল সরকারের সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করে গেছেন৷ তিনি মৎস্যজীবী সংগঠন সহ কর্মচারী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ মোহন লাল দাসের প্রয়াণে পার্টির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তারা উল্লেখ করেন৷ এদিন স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন,বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য এগিয়ে চলেছে৷ এই পরিস্থিতিতে প্রয়াত মোহন লাল দাসের দৃষ্টিভঙ্গি থেকে দলের কর্মী সমর্থকদের অনেক কিছু শেখার রয়েছে৷ যারা দলের হয়ে মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করছে তাদের মোহনলালের চরিত্র থেকে সার্বিক বিষয়টি শেখার রয়েছে৷ আর সেই সার্বিক বিষয় অনুসরণ করে মানুষের জন্য কাজ করলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সার্থক হবে বলে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা৷ সোমবার মোহনলাল দাসের স্মরণ সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সিপিআইএম সদর জেলা অফিসে আয়োজিত স্মরণসভায় মোহন লাল দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিরোধী দলনেতা মানিক সরকার৷
2023-02-20

