শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন বাংলা রঞ্জি চ্যাম্পিয়নের পথে সৌরাষ্ট্র

বাংলা:- ১৭৪, ১৬৯/৪

সৌরাষ্ট্র:- ৪০৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। দ্বিতীয় ইনিংসের খেলায় লড়ছে বাংলা। শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হলেও শেষ চেষ্টা করতে নিশ্চয়ই বাধা নেই। বাংলা এই মুহূর্তে ৬১ রানে পিছিয়ে রয়েছে। হাতে আরও ছয় উইকেট বর্তমান। যদিও পাঁচ দিবসীয় ম্যাচে তিন দিনের খেলা শেষে আরও দুদিনের খেলা বাকি রয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলা অনেকটা ঘুরে দাঁড়ানোর প্রয়াস নিচ্ছে। তবে যতটুকু এগোতে পারবে সেটাই তাদের জন্য হিতকর হবে। ঘরের মাঠে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৭৪ রানে ইনিংস গুটিয়ে নেওয়াটাই বাংলার পক্ষে কাল হয়েছে। জবাবে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪০৪ রানে। তৃতীয় দিনে আজ খেলা শুরু করেছিল ৩১৭ রান হাতে নিয়ে। ২৩ ওভার খেলে অবশিষ্ট ৫ উইকেটে ৮৭ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে বাসবদার ৮১ রান ও চিরাগের ৬০ রান উল্লেখ করার মতো। বাংলার মুকেশ কুমার চারটি এবং আকাশ দীপ ও ঈশান পোড়েল তিনটি করে উইকেট পেয়েছে। ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৩ ওভার খেলার সুযোগ পায়। ইতোমধ্যে চার উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে নিয়েছে। অনুষ্টূপ মজুমদার ৬১ রানে আউট হলেও অধিনায়ক মনোজ তিওয়ারি ৫৭ রানে এবং শাহবাজ ১৩ রানে উইকেটে রয়েছেন। সৌরাষ্ট্রের উনাদকাত ও চেতন শাকারিয়া দুটি করে উইকেট পেয়েছেন।