আঙ্কারা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দেখতে দেখতে ৬ দিন হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু থামছেই না। গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজারের গন্ডি ছাড়িয়েছে। রবিবার সকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮,১৯২ জনের। শুধুমাত্র তুরস্কেই মৃত্যু হয়েছে ২৪,৬১৭ জনের।
সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩,৫৭৫-এ পৌঁছেছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ১,৪০৮। ধ্বংসস্তূপের নীচে আরও অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দিন-রাত এক করে উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রকৃতির রোষে রীতিমতো বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া।

