নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার সকালে রামনগর বিধানসভা এলাকায় দলীয় প্রার্থী সুরজিৎ দত্তের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হন৷ চরম ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার সকালে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুরজিত দত্তের সমর্থনে গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন৷ এদিন ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সবাইকে ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে৷ রাজ্য এবং দেশকে শক্তিশালী করতে এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷৷ সাংবাদিকদের প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের সম্পর্কে কিছু বলাই মানে হল তাদেরকে মাইলেজ দেওয়া সে কারণেই তিনি বিরোধীদের সম্পর্কে এখন আর কিছু বলতে চান না বলে জানান৷ রামনগর বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
2023-02-12

