উত্তর ২৪ পরগনা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : এক গৃহবধূর খুনের কিনারা করল পুলিশ। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রেমিকাকে ডেকে এনে ফাঁকা বিলের ধারে খুন করেছে তাঁর প্রেমিক। প্রেমিকের কাছে কুড়ি হাজার টাকা চাওয়ায় ওই ব্যক্তি খুন করে প্রেমিকাকে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডিগড় গ্রামের ফাঁকা জায়গা থেকে শুক্রবার বছর চল্লিশের গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে চণ্ডিগড় গ্রামের বছর ৪৫-এর জিয়াদ মোল্লার সঙ্গে সেলিমা বিবির দেড় বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেলিমা গত তিন দিন ধরে জিয়াদের কাছে শারীরিক অসুস্থতার জন্য কুড়ি হাজার টাকা চাইছিল। সেই দাবি মেটাতে পারছিল না জিয়াদ মোল্লা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রকাশ পরিকল্পনা করে মোবাইল ফোনে ডেকে এনে ফাঁকা বিলের ধারে নিয়ে গিয়ে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেলিমাকে। শনিবার সকালে অভিযুক্ত জিয়াদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে খুনের কিনারা করল মাটিয়া থানার পুলিশ।

