পাথারকান্দি (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮-তম আবির্ভাব তিথি পালনের উদ্দেশ্যে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছেন পাথারকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির কর্মকর্তারা।
আগামী ২২ ফ্রেব্রুয়ারি দিনভর নানা মাঙ্গলিক কার্যসূচির মাধ্যমে ঠাকুরের আবির্ভাব দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সেবা সমিতি। এ উপলক্ষ্যে আজ রবিবার পাথারকান্দি টাউন কালীবাড়িতে ঠাকুরের ভক্তদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি গৌরহরি দাস উৎসব পালন সম্পর্কে অবগত করে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে পাথারকান্দিস্থিত টাউন কালীবাড়ি নাটমণ্ডপে ঠাকুরের জন্মতিথি উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের ডালিতে থাকবে সকালবেলা মঙ্গলারতি, ঠাকুরের বিশেষ পূজাপাঠ, চণ্ডীপাঠ ও মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় গুরুভ্রাতা-ভগিনীদের উপস্থিতিতে থাকবে সন্ধ্যারতি, কথামৃত পাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশন। এতে ঠাকুর-ভক্তদের পাশাপাশি এলাকার সকল সনাতনীদের উপস্থিত থাকার অনুারোধ জানিয়েছেন সেবা সমিতির কর্মকর্তারা।
এর আগে বিগত বছরের বার্ষিক জন্মোৎসব উদযাপনের যাবতীয় হিসাব-নিকাশ পেশ করেন সেবা সমিতির সাধারণ সম্পাদক অপূর্ব দে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবা সমিতির জয়ন্ত সু ত্রধর, রণধীর দাস, ধনঞ্জয় চৌধুরী, নির্মলকান্তি দেব, গঙ্গাপদ আচার্য, এসএস পালচৌধুরী, সুরজিৎ সেন, রীতা দাস, দেবাশিস শর্মাচৌধুরী, রাজেশ দে, রূপক দেব, তপন চন্দ প্রমুখ।

