ধর্মনগরে বাড়ছে ইরিক্সার ব্যাটারি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ দীর্ঘদিন ধরে ই -রিক্সার ব্যাটারি চুরির অভিযোগে রবিবার ধর্মনগরের পুরনো মোটরস্ট্যান্ডে একটি দোকানকে সিল করল ধর্মনগর থানার পুলিশ৷দীর্ঘদিন ধরে ধর্মনগরের বিভিন্ন প্রান্তে ই রিকশার ব্যাটারি চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছিল৷ সেই অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়৷ রবিবার সকালে ধর্মনগরের পুরনো মোটরস্ট্যান্ডের ত্রিবেদী ব্রাদার্স এ তারা ২৫০টির উপর ব্যাটারির সন্ধান পায়৷ পুলিশের তল্লাশিতে ত্রিবেদী ব্রাদার্সের কর্ণধার এ ত্রিবেদী জানায় আজ রবিবার থাকায় তৎক্ষণাৎ সে সব কাগজপত্র দেখাতে পারছে না৷ তবে তার কাছে প্রতিটি ব্যাটারির জিএসটি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে৷ ধর্মনগরের বিভিন্ন প্রান্ত কুমারঘাট প্রভৃতি এলাকা থেকে এখানে যেসব ব্যাটারি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এগুলি কাগজপত্র সহ কালেকশন করে এখানে আনা হয়৷ তারপর এখান থেকে তা বাইরে পাঠিয়ে মেরামত করে আনা হয়৷ তবে আপাতত কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ধর্মনগর থানার পুলিশ তার আড়াইশোর উপর ই রিক্সার ব্যাটারি যুক্ত গোডাউনটি সিল করে দেয়৷ পুলিশ জানায় যদি কর্ণধার বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে দোকান বা গোডাউন খুলে দেওয়া হবে৷ অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷