নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): ফের একবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সোমবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। যদিও, স্বল্প শুনানির পর মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর অবধি পিছিয়ে দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় অভিযোগের পরবর্তী শুনানি হবে আগামী ২০ ডিসেম্বর। প্রসঙ্গত, এর আগে ১৫ নভেম্বর বড়সড় স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ সিউরিটিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে জামিন দিয়েছে আদালত। এর আগে ২৪ নভেম্বর এই মামলায় পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, সেই দিন মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় ১২ ডিসেম্বর অবধি, তাই সোমবার ফের হাজিরা দেন জ্যাকলিন।



















