মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের এক ঘনিষ্ঠের হোটেল সিল করে দিল সিআইডি। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ওমরপুর মোড়ে ওই হোটেলে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান সিআইডি অফিসাররা।
পুলিশ সূত্রে খবর, ওই হোটেল থেকেই একসময় মুর্শিদাবাদে গরু পাচারের কারবার নিয়ন্ত্রণ করা হত। তার আগে, গতকালই রঘুনাথগঞ্জের ইছাখালি এলাকায় আলম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সিআইডি তল্লাশি চালায়। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে।
গত রাতে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে ‘সোনার বাংলা’ বলে একটি হোটেলে হানা দেন সিআইডি আধিকারিকেরা। দিন কয়েক ধরেই জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় সিআইডির একটি বিশেষ দল তল্লাশি চালাচ্ছে। একজন এনামুল ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিআইডি হেফাজতে নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত-সহ একাধিক জায়গায় সিআইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করছে।



















