কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, ওয়েস্ট বেঙ্গল। কাউন্সিলের অভিযোগ, বেশ কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই বিভিন্ন কোর্স চালানোর পাশাপাশি পড়ুয়াদের বেআইনিভাবে রেজিস্ট্রেশন নম্বরও দিচ্ছে।
কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ তারাই। ফলে স্বীকৃতিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে কোনও পড়ুয়াকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া সম্পূর্ণ বেআইনি।
কাউন্সিলের দাবি, এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গড়ে উঠেছে বলে অভিযোগ। এই প্রতিষ্ঠানগুলির অনেকেরই কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, ওয়েস্ট বেঙ্গল অথবা ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির বাধ্যতামূলক স্বীকৃতি নেই। তাই অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের কাছে চিঠি দিয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে কাউন্সিল। কাউন্সিলের এক আধিকারিকের দাবি, সম্প্রতি উত্তরবঙ্গের কোচবিহার জেলায় অনুমোদন ছাড়াই চলা হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের একটি ‘চেন’-এর সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর-সহ আরও কয়েকটি জেলায় এই ধরনের প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তের অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, কিছু প্রতিষ্ঠান তাদের কোর্স সম্পূর্ণ করা পড়ুয়াদের বেআইনিভাবে রেজিস্ট্রেশন নম্বর দিয়েছে বলে অভিযোগ। কাউন্সিলের দাবি, কয়েকটি ক্ষেত্রে বৈধভাবে নথিভুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকদের ইতিমধ্যেই বরাদ্দ করা রেজিস্ট্রেশন নম্বর নকল করে ব্যবহার করা হয়েছে।
কাউন্সিলের এক সূত্রের দাবি, এই ধরনের ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর নিয়ে বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জেলায় ক্লিনিক চালাচ্ছেন। স্বীকৃতিহীন প্রতিষ্ঠানগুলির পাশাপাশি ভুয়ো রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করা ব্যক্তিদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
এদিকে, হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সাধারণ মানুষকে চিকিৎসকদের পরিচয় ও যোগ্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে। কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনের ওয়েবসাইটে থাকা ‘হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স লিস্ট’-এর মাধ্যমে চিকিৎসকের রেজিস্ট্রেশন যাচাই করা যাবে। প্রেসক্রিপশনে উল্লেখ থাকা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেও সংশ্লিষ্ট চিকিৎসকের বৈধতা যাচাই করতে পারবেন রোগীরা।
—আইএএনএস



















