মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে আপাতত খুলছে না স্কুল। আপাতত, অর্থাৎ দীপাবলির আগে স্কুল খোলার বিষয়ে ভাবছেই না মহারাষ্ট্র সরকার। কারণ, বৃহস্পতিবার মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, মুম্বই ও সন্নিহিত এলাকায় স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দীপাবলির পরে। করোনাভাইরাসের প্রকোপে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। ধীরে ধীরে করোনার আগ্রাসন কমছে মুম্বই। তবে এখনই অর্থাৎ দীপাবলির আগে স্কুল খুলতে চাইছে না সরকার।
এদিকে, গত ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ের বোরিভালি এলাকায় যৌন নিগ্রহের শিকার হন একজন বিজেপি নেত্রী। অভিযুক্ত বিজেপিরই একজন নেতা। এ বিষয়ে বিজেপিকে আক্রমণ মেয়র বলেছেন, “এই বিষয়ে নির্যাতিতার সঙ্গে ও পুলিশ অফিসারের সঙ্গে আমি দেখা করব। এখন বিজেপি নেতারা কোথায়? বিজেপির বিধায়ক ও সাংসদদের কাছ থেকে ওই মহিলা সাহায্য চেয়েছেন, কিন্তু তিনি সাহায্য পাননি।”

