আমেরিকা সফরের আগে টুইট প্রধানমন্ত্রীর, সফরের বিশদ জানালেন মোদী নিজেই

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকা সফরের প্রাক্কালে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। টুইটের মাধ্যমে জানালেন তাঁর মার্কিন মুলুক সফরের বিশদ বিবরণ। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করাই আমার আমেরিকা সফরের লক্ষ্য। পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক সুসংহত করা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে আমাদের সহযোগিতা দৃঢ় করা। আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ নিয়েও মুখিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।

আমেরিকা সফরে গিয়ে কোয়াড নেতাদের সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই প্রথম প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে কোয়াড নেতাদের সম্মেলনে অংশ নেব। কোয়াড সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপর টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২২-২৫ সেপ্টেম্বর আমার আমেরিকা সফরে, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারত-আমেরিকা সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করব। পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করব।