কোভিড গ্রাফ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৬,১১৫ জন

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.) : দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবার স্বস্তি বাড়িয়ে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ২৬,১১৫ জন। একদিনে করোনার বলি ২৫২জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৪৬৯ জন।

এদিন অনেকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। সোমবারও যা ছিল ৩ লক্ষ ১৮ হাজারের বেশি, এদিন তা নেমে এল ৩ লক্ষ ৯ হাজারে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। এর মধ্যে অবশ্য ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জনই সুস্থ হয়ে ফিরেছেন। মহামারীতে প্রাণ হারিয়েছেন দেশের ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫জন। আইসিএমআর-য়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৪ লক্ষ ১৩ হাজার ৯৫১। এর মধ্যে ২৬,১১৫ জনের রিপোর্ট পজিটিভ। এই পরিসংখ্যানে আশার আলো আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে, টিকাকরণ নিয়েও সন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন দেশের ৯৬ লক্ষ ৮৬ হাজার ৭৭৮ জন। এখনও পর্যন্ত মোট ৮১ কোটি ৮৫ লক্ষ ১৮ হাজার ৮১৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই।