Disrepair for a long time : চান্দ্রাইছড়া পাড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। ধলাই জেলার আমবাসার চান্দ্রাইছড়া পাড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। রাস্তাটি সংস্কার না করায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। রাস্তার বেহাল দশা। অসুবিধার সম্মুখীন এলাকার মানুষ সহ যান চালকরা। নিত্যদিনই হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমবাসা চান্দ্রাইছড়া রাস্তাটির বেহাল দশা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। মেরামতের কাজে হাত দিচ্ছে না দপ্তর। রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বর্ষার সময় রাস্তা দিয়ে যাতায়াত করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীরা বহুবার ডেপুটেশন দিলেও রাস্তাটি ভালোভাবে মেরামত করা হচ্ছে না। চলার অযোগ্য হয়ে গেলে ঠিকাদাররা এসে কিছু পাথর দিয়ে ভরাট করে চলে যায়। যারফলে কিছুদিন পরই রাস্তাটি পুনরায় গর্তে পরিণত হয়ে যায়। এই রাস্তাটি আমবাসা রেল স্টেশন, আইটিআই কলেজ, এবং মডেল স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। আমবাসা – কমলপুর যাওয়ার বিকল্প সড়কও এই রাস্তাটি। কিন্তু রাস্তাটি নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না দপ্তর।

এক সাক্ষাৎকারে একজন এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল অবস্থা।এ রাস্তাটি আমবাসার মধ্যে ব্যস্ততম রাস্তা। সকাল থেকে রাত অব্দি এ রাস্তা দিয়ে যান চলাচল করে। কিন্তু রাস্তাটি সরাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। বেহাল রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করায় এলাকার মানুষজন তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন। অবিলম্বে এ রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জোরালো দাবি জানানো হয়েছে।