News Flash

Image

বঙ্গ রাজনীতির শিক্ষা

অগ্ণিকন্যা আবারও ক্ষমতার আসনে অধিষ্ঠিতা হইলেন৷ চৌত্রিশ বছর টানা ক্ষমতায় থাকা সিপিএম বা বামফ্রন্ট এমন ভাবে চুপসাইয়া যাইবে ভাবা যায় নাই৷ রাজনৈতিক ইতিহাস ইহাই স্পষ্ট করিয়া দিয়াছে যে, অগ্ণিকন্যা মমতা ছাড়া এই অসম্ভবকে সম্ভব করা যাইত না৷ মমতা বুঝিয়াছেন, অত্যাচারিত মানুষ সময় ও সুযোগ পাইলেই যথাযথ জবাব দিয়া দেয়৷ দ্বিতীয় বারও মানুষ যেভাবে মমতাকে বিশ্বাসের বরণ ডালা উপহার দিয়াছেন, তাহার মর্যাদা দিতে না পারিলে পরিণতি যে শুভ হইবে না তাহা জোরের সঙ্গেই বলা যাইতে পারে৷ চিটফান্ড কেলেংকারী, ঘুষ কান্ড ইত্যাদি ঘটনা ঘিরিয়া তৃণমূল সরকার ও দলের বিরুদ্ধে সাড়াশী আক্রমণ চলিয়াছে৷ সারদা কান্ডে রাজ্যের মন্ত্রী পর্য্যন্ত জেলে৷ এই আক্রমণের মুখে শুধু ব্যক্তি মমতাই পশ্চিমবঙ্গের মানুষকে বুঝাইতে পারিয়াছেন যে তিনি নিষ্কলঙ্ক৷ তাঁহার বিরুদ্ধে আঙুল তুলিবার কোনও সুযোগ নাই৷ এত পরিচ্ছন্ন, একেবারেই সহজ সরল জীবন ধারা বাংলার মানুষকে কতখানি আকর্ষণ করিয়াছে নির্বাচনী ফলাফল তো চোখে আঙুল দিয়া দেখাইয়া দিয়াছে৷
westbengalমানুষের উপর জুলুম অত্যাচার, ক্ষমতার দম্ভ ও বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার জোরে বিভিন্ন অবৈধ কাজে কর্মী ও নেতাদের জড়াইয়া যাওয়ার ঘটনা রোধ করিতে না পরিলে মানুষের সেই বিশ্বাস হারাইয়া যাইবে৷ তৃণমূলের একশ্রেণীর কর্মী ও নেতা বিভিন্ন ক্ষেত্রে মানুষের প্রতি এমন ব্যবহারের অভিযোগ আছে যে, বাণিজ্য ছাড়া ও নগদ নারায়ণ ছাড়া কাজকর্ম সুচারু রূপে করা যায় না৷ এই অভিযোগ একদিন ব্যাপক অংশের মানুষকে ক্ষুব্ধ করিতে পারে৷ এইভাবে চাপা ক্ষোভ ক্ষমতাসীন দলের পায়ের তলার মাটি সরাইতে থাকে৷ উন্নয়ন বা প্রগতি নিশ্চয়ই মানুষের বড় চাহিদা৷ তাহা প্রত্যাশিত মতো না হইলেও মানুষের মনে ক্ষোভ তেমন আছড়াইয়া পড়ে না৷ কিন্তু ক্ষমতার দম্ভ, জোর জুলুম ইত্যাদির ঘটনায় ক্ষুব্ধ মানুষ সুযোগ পাইলেই জবাব দিয়া দেয়৷ মমতা ব্যানার্জী এইসব ছোটখাটো ঘটনার বিষয়ে কতখানি খোঁজ খবর নিতে পারেন, ব্যবস্থা নেওয়ার বিষয়ে কতখানি উদ্যোগ নিতে পারেন এই বিষয়ে প্রশ্ণ আছে৷ দুর্নীতি ও বিভিন্ন কেলেংকারীর ঘটনা যাহাতে দলকে একেবারেই স্পর্শ করিতে না পারে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে সেই নিশ্চয়তাই সবচাইতে বড় কাম্য৷ এই বিষয়ে সতর্ক না হইলে পায়ের তলার মাটি কোন্ সময় সরিয়া যাইবে তাহা বলা মুশকিল৷ তাই, আজ সারা রাজ্যের যাবতীয় ঘটনার খোঁজ খবর নিতে হইবে৷ সেই মতো দলকে উজ্জীবিত করিতে হইবে৷ মানুষের কাছে ছুটিয়া যাওয়া, ভুল পথে কর্মীদের পদচারণা ইত্যাদির বিষয়ে সতর্ক থাকিবার তাগিদ তো আছেই৷
পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে বিভিন্ন রাজ্য তাকাইয়া আছে৷ বিশেষ করিয়া কমিউনিস্ট দূর্গ বলিয়া পরিচিত ত্রিপুরা এক্ষেত্রে সারা দেশেই আলোচিত৷ মমতা কি ত্রিপুরার দিকে হাত বাড়াইবেন? কংগ্রেসের বিদ্রোহীরা তৃণমূলে যোগদান করিয়া কতখানি রাজ্য কাঁপাইবেন, মানুষকে কতখানি টানিতে পারিবেন এই প্রশ্ণ তো আছেই৷ পশ্চিমবঙ্গে দুইবার ক্ষমতা দখলের ঘটনা হইতে বিভিন্ন রাজ্যের মানুষ যে অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করিয়াছেন, সেখানে নতুন করিয়া প্রশ্ণ থাকিতেই পারে৷ একথা আজ অনেক বেশী সত্যি যে, আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল বড় ভূমিকা নিতে পারে৷ কেন্দ্রের সরকারকে চাপে রাখা ও ধর্মনিরপেক্ষ ভাবধারাকে ধরিয়া রাখার ঘটনায় সংখ্যালঘুদের খুশী করার রাজনীতি মমতা ভালোই জানেন৷ সব মিলিয়া জাতীয় রাজনীতির অঙ্গনেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলিষ্ট আসন করিয়া নিতে চলিয়াছেন৷ বিরোধী দলের সাধারণ কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি ইত্যাদি চালাইয়া তৃণমূল কংগ্রেসকে যাহারা তলে তলে নিঃশেষ করিতে চায় সেই সব কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হইবে৷ পশ্চিমবঙ্গে যাহাতে গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজিয়া না উঠে সেখানে মমতাকে বিশেষ উদ্যোগ নিতেই হইবে৷ গণতন্ত্রকে আরও সাবলীল করা ইত্যাদি ঘটনার মধ্য দিয়া নতুন উদ্যোগে যাত্রা শুরুর এই ইতিহাস বাংলার মানুষ সারা দেশকে পথ দেখাইতে পারে৷ মমতা কি পারিবেন বাংলার শ্রেষ্ঠত্বের গরিমা পুনরুদ্ধার করিতে?

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top