News Flash

Image

রেল রাজনীতি

RAILরেলমন্ত্রী সুরেশ প্রভু এবারের (২০১৬-১৭) রেল বাজেটকে জনমুখী যেমন করিতে পারেন নাই, তেমনি রেলের স্বাস্থ্য ফিরাইবার দাওয়াইও দিতে ব্যর্থ হইয়াছেন৷ রেল আছে সেই রেলের জায়গাতেই৷ প্রভুকে ভোটের বিষয় মাথায় রাখিয়াই বাজেট করিতে হইয়াছে৷ সোজা কথায় ভোটমুখী বাজেট৷ ভোটমুখী বাজেটে সাধারণত যাত্রী স্বাচ্ছন্দের দিকটাকেই বেশী করিয়া দেখা হয়৷ তবে যাত্রী ভাড়া না বাড়াইয়া রেলমন্ত্রী জনমন জয়ের চেষ্টা করায় রেলের ক্ষতি হইবে বছরে ত্রিশ হাজার কোটি টাকা৷ খরচ কমাইয়া বছরে বাঁচানো হইয়াছে আট হাজার সাতশত বিশ কোটি টাকা৷ কেন্দ্রীয় বাজেট হইতে সহায়তা পাওয়ার কথা চল্লিশ হাজার কোটি টাকা৷ পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের কথা মাথায় রাখিয়া প্রভু খুব সাবধানী বাজেট করিতে গিয়া বড় বেশী চ্যালেঞ্জের সামনেই দাঁড়াইয়াছে রেল৷ রেলের আর্থিক অবস্থা একেবারেই বেহাল৷ এবারের রেল বাজেটে প্রবীণ নাগরিক, মহিলা শিশুদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হইয়াছে৷ গুরুত্ব দেওয়া হইয়াছে যাত্রীদের নিরাপত্তা বিধানের বিষয়েও৷ বিভিন্ন ক্ষেত্রে রেলের গতি বৃদ্ধি ও আধুনিকীকরণের কথা বলা হইলেও অর্থসংকটের কারণে নতুন রেল ইত্যাদির ঘোষণা নাই এই বাজেটে৷ ফলে, এই বাজেটের জৌলুস কমিয়াছে৷ জনমনে তেমন কোনও উন্মাদনাও দেখা দেয় নাই৷
যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের প্রচার কেন্দ্রীয় সরকার প্রতিনিয়তই করিয়া চলিতেছেন সেখানে এই অঞ্চল তো উপেক্ষিতই রহিয়া গেল৷ এমন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট নীতিও কার্য্যকর করার কোনও প্রয়াসও দেখা গেল না এবারের রেল বাজেটে৷ রেল বাজেটে উত্তর পূর্বের জন্য গত বছরের তুলনায় কিছু বরাদ্দ বাড়িলেও ত্রিপুরার ভাগ্যে আসে নাই রাজধানী এক্সপ্রেস৷ সোজা কথায়, এই বাজেটে ত্রিপুরার জন্য কিছুই ঘোষণা নাই৷ একথা স্বীকার করিতেই হইবে যে, এবারের রেল বাজেটে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বকে কার্য্যত ধোঁকাই দেওয়া হইয়াছে৷ রেলমন্ত্রী বাজেট ভাষণে জানাইয়াছেন, ত্রিপুরায় পণ্যবাহী বিজি রেল চালু হইয়াছে৷ খুব তাড়াতাড়ি যাত্রীবাহী রেলও ছুটিবে ত্রিপুরায়৷ ত্রিপুরার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হইলেও, দূরপাল্লার নতুন ট্রেন চালুর কোনও প্রস্তাব না থাকায় এই অঞ্চলের মানুষের মনে ক্ষোভ দেখা দিবেই৷ আগরতলা আখাউড়া রেল লাইনের জন্য দীর্ঘ দিন যাবৎই তৎপরতা চলিতেছে৷ অথচ এইবারের বাজেটেও অর্থের সংস্থান রাখা হইল না৷ সোজা কথায়, এইবারের রেল বাজেট দিশাহীন৷ দীর্ঘমেয়াদী হইলেও নতুন উদ্যোগ, নতুন প্রকল্পের মাধ্যমে রেলের ভিতকে, সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের সামনে নতুন শক্তি আনিয়া দেয় বাজেট৷ কিন্তু এক ম্যাড়েমেড়ে রেল বাজেট ইতিপূর্বে দেখা গিয়াছে কিনা সন্দেহ৷
রেলের মুমুর্ষ অবস্থা কাটাইয়া উঠিতে গত রেল বাজেটে পণ্য ও যাত্রী ভাড়া বৃদ্ধি করা হইয়াছে৷ ইহাতে কিন্তু জনমনে ক্ষোভের আগুন দেখা যায় নাই৷ এইবার যাত্রীভাড়া বাড়ানো হয় নাই শুধু ভোটের দিকে চাহিয়া৷ আর এই কারণে রেল আবার মুমুর্ষ হইয়া পড়িতে পারে৷ রেলের যাত্রী ভাড়া বৃদ্ধি না করার মধ্যে কোনও কৃতিত্ব আছে এমন দাবী মানিয়া নেওয়া যাইতে পারে না৷ কারণ, আগামী দিনে ভোটের বাজনা না থাকিলে ভাড়া বৃদ্ধির খড়গ ঝুলাইয়া দেওয়া হইবে না এমন নিশ্চয়তা নাই৷ রেল নিয়া সস্তা রাজনীতি যতদিন চলিবে ততদিন এই মুমুর্ষ অবস্থা হইতে মুক্ত হওয়া যাইবে না৷ দেশের যোগযোগ ক্ষেত্রে রেলের বিকল্প নাই৷ দেশের শিরা, উপশিরায় যোগাযোগের রক্ত প্রবাহ ঘটে এই রেলের মাধ্যমেই৷ এই রেলকে নিয়া নতুন ভাবে ভাবিতে হইবে৷ আরও দ্রুত, আরও উন্নত, আরও স্বাচ্ছন্দ যুক্ত রেল চালুর স্বপ্ণ সফল হইলে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হইবে সে বিষয়ে কোনও সন্দেহ নাই৷ কিন্তু দুর্ভাগ্যের এইখানেই রাজনীতির সংকীর্ণতা রেলকে কাঙ্খিত পথে আগাইতে বিঘ্ন সৃষ্টি করিয়া চলিয়াছে, একথা স্বীকার না করিয়া কি উপায় আছে?

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top