আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ডিপার্টমেন্টাল সামিট অন ওয়াটার’-এ ত্রিপুরা সরকারের প্রতিনিধিত্ব করলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি. আর. পাটিল। উপস্থিত ছিলেন কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
সম্মেলনে জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা, পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করা, জলাশয় ও জল উৎসের পুনরুজ্জীবন এবং জল জীবন মিশনের কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে ত্রিপুরার জল ব্যবস্থাপনার অভিজ্ঞতা, সাফল্য এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন মন্ত্রী কিশোর বর্মন। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের সফল উদ্যোগ ও সর্বোত্তম পদ্ধতিগুলি গ্রহণ করে ত্রিপুরায় জলসম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনায় অংশ নেন তিনি।
মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি জলসম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয় সম্মেলনে।
জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে কিশোর বর্মন বলেন, জলসম্পদ রক্ষা ও সংরক্ষণ করা সকলের সম্মিলিত দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর জল’ উদ্যোগের লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি জানান, জলনিরাপদ, সমৃদ্ধ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরা সরকারও নিজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
………


















