News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক জালিয়াতি : কিংপিনদের খোঁজে দিল্লি গেল কলকাতা পুলিশ
Image

ব্যাঙ্ক জালিয়াতি : কিংপিনদের খোঁজে দিল্লি গেল কলকাতা পুলিশ

কলকাতা, ৩ আগস্ট, (হি.স.): ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় কিংপিনদের খোঁজে এবার দিল্লি গেল কলকাতা পুলিশের একটি দল । উপনগরপাল সাইবার অপরাধ সন্তোষ পান্ডের নেতৃত্বে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে, সেই সিটই দিল্লিতে পাড়ি দিয়েছে । এরই মধ্যে পাঞ্জাব ন্যাশনল ব্যাঙ্কের মল্লিকবাজার শাখার ১২ জন ব্যাঙ্কের কর্মী এই প্রতারণার শিকার হয়েছে । এর মধ্যে রয়েছেন বেশ কিছু ব্যাঙ্কের আধিকারিকও । ব্যাঙ্কের পক্ষ থেকে পার্কস্ট্রীট থানাতে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে । পিএনবির পক্ষ থেকে জানানো হয়েছে, যে ৩১ জন প্রতারণার শিকার হয়েছে তাঁদের টাকা শুক্রবারের মধ্যেই অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে ।

কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দিল্লির কোনও চক্র এই ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের সঙ্গে জড়িত। সংগঠিতভাবে প্রতারণার ছক কষা হয় । চলতি বছরের এপ্রিল থেকে বিভিন্ন এটিএমে স্কিমার লাগিয়ে শুরু হয় গ্রাহকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ । টাকা তোলা শুরু হয় জুলাই মাসে । সবথেকে বেশি টাকা তোলা হয় ২৮ ও ২৯ জুলাই । ২৮ তারিখ ছিল চতুর্থ শনিবার এবং ২৯ তারিখ রবিবার । ওই ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সুযোগ নেয় জালিয়াতরা । গোটা অপরাধ দিল্লি থেকে সংগঠিত হয়েছে বলে অনুমান করছে সিট । কলকাতার বিভিন্ন এটিএমের সিসিটিভির ফুটেজের সঙ্গে দিল্লির এটিএমের ফুটেজ মিলিয়ে দেখে অপরাধীকে সনাক্ত করার কাজ করবে সিট ।

গত মঙ্গলবার সামনে আসে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা । দেখা যায়, শহর জুড়ে বহু মানুষ এই জালিয়াতির শিকার । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দিল্লির বিভিন্ন এটিএম থেকে এই টাকা তোলা হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীর মনে । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সমস্ত টাকা লোপাট হয়েছে অন লাইনেই । চার মাসে চার বার স্কিমার ও ক্যামেরা বসিয়েছিল দুষ্কৃতীরা । হ্যাকাররা মূলত স্কিমার লাগিয়ে চুরি করেছে গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য । তারপর সেই তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে নকল এটিএম কার্ড । এটিএমে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, গোলপার্কের কাছে প্রথম এটিএমটিতে ৪ এপ্রিল স্কিমার বসানো হয় । এরপর ২১ এপ্রিল পর্যন্ত মোট ৪ বার ওই এটিএমে হানা দেয় হ্যাকাররা ।

গোয়েন্দারা এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছেন, গড়িয়াহাটের কানাড়া ব্যাঙ্কের পাশে যে এটিএম কাউন্টারটি রয়েছে, তাতে গত এপ্রিলে এক যুবক দু’বার আসেন । তিনি এটিএমের মধ্যে দীর্ঘক্ষণ ছিলেন । সেদিনই এটিএমে স্কিমার লাগানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে । ২৪ ঘণ্টার ব্যবধানে খুলে নেওয়া হয় স্কিমার । ওই দু’দিনে কপি করে নেওয়া হয়েছে যাবতীয় তথ্য । তথ্য ব্যবহার করে ডুপ্লিকেট মাস্টার কার্ড বানানো হয় । সেই কার্ড ব্যবহার করেই টাকা তোলা হয়েছে । ফরেনসিক টিম এটিএমের গায়ে আঠার চিহ্ণ পেয়েছে । সেই দু’দিনে কারা টাকা তুলেছেন, তাদের তালিকা তৈরি করছে পুলিশ । গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী না থাকার কারণেই সাইবার প্রতারক অবাধে এটিএমের ভেতর ঢুকে তার কাজ করেছে । ইতিমধ্যেই ব্যাঙ্ক জালিয়াতির শিকার বহু মানুষ । এটিএম স্কিমিং করে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা । এটিএমকে মূল হাতিয়ার করেই সম্ভবত শহর জুড়ে ব্যাঙ্ক জালিয়াতির রমরমা । থাকতে পারে আরও একাধিক কারণ । বৃহস্পতিবার সকাল থেকেই কানাডা ব্যাঙ্কের গোলপার্ক শাখার এটিএমটি বন্ধ করে দেওয়া হয় । শহরের প্রায় ১০০টি এটিএম পরীক্ষা করা হচ্ছে । দেখা হচ্ছে, এই এটিএম গুলোতে কোনওরকম স্কিমার লাগানো আছে কি না ।

বুধবারই কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠি সাংবাদিক বৈঠক করে শহরবাসীর উদ্দেশে বলেছিলেন, ‘এখনও পর্যন্ত ৭৬টি জালিয়াতির ঘটনা ঘটেছে শহরে । কেউ আতঙ্কিত হবেন না । পুলিশ বিষয়টি তদন্ত করছে । তৈরি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম । আমরা দিল্লি পুলিশের সঙ্গে কথা বলেছি । আশা করছি, দ্রুত বিষয়টির সমাধান হবে’ । তদন্ত চলার পাশাপাশি কলকাতা পুলিশ জালিয়াতির শিকার সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে, যাঁদের টাকা গায়েব হয়েছে, তাঁরা প্রত্যেকেই টাকা ফেরত পাবেন ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top