নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে৷ তারপর এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন রামনগরের প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত৷ বুধবার সুরজিৎ দত্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়কে একটি চিঠিতে তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তিনি চিঠিতে দলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিতে আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন৷
এদিকে, সুরজিৎ দত্ত বৃহস্পতিবার নিজ বাসভবনে তাঁর অনুগামীদের নিয়ে একটি বৈঠক করেছেন৷ বৈঠকে তিনি তৃণমূল কংগ্রেস কেন ছেড়েছেন এই বিষয়ে অবহিত করেন৷ পাশাপাশি তিনি আগামীদিনে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন৷ একটি সূত্রে জানা গিয়েছে সুরজিৎ দত্ত অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন৷ তবে এই বিষয়ে সুরজিৎ দত্ত এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি৷



















