আগরতলা, ৩ সেপ্টেম্বর: ব্যস্ত সড়কের মাঝখানে সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুলাই এলাকায়। কমলপুর-আমবাসা সড়কের উপর দীর্ঘক্ষণ ধরে অ্যাম্বুলেন্সটি পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং তৈরি হয়েছে যানজট।
জানা গেছে, টিআর০১জি১১৩৭ নম্বরের সরকারি অ্যাম্বুলেন্সটির সামনের বাম দিকের চাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর সেটি রাস্তার মাঝখানেই থেমে যায়। দুর্ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্সটির পাশে সতর্কতামূলকভাবে গাছের ডাল রাখা হলেও, সরু ও ব্যস্ত সড়কের উপর গাড়িটি পড়ে থাকায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
দীর্ঘক্ষণ ধরে সড়কের একাংশ আটকে থাকায় নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা এবং দূরপাল্লার যানবাহনের চালকদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। ব্যস্ততম এই সড়কে যেকোনও সময় বড় ধরনের যানজট তৈরি হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, দ্রুত বিকল অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
























