আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইএএস নির্মল কুমারকে পরিচালক, নগর উন্নয়ন, আগরতলা পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে পরিচালক, ওবিসি কল্যাণ এবং ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা ওবিসি ওয়েলফেয়ার কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আইএএস রমিতা সাহাকে খোয়াইয়ের মহকুমা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে তিনি খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার-এর দায়িত্বও পালন করবেন।
অন্যদিকে, টিসিএস আশিস বিশ্বাসকে কাঞ্চনপুরের মহকুমা শাসকের পদ থেকে বদলি করে আগরতলায় যুগ্ম পরিচালক, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার পদে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে শুভম ভাগবান, আইএএস-কে কাঞ্চনপুরের মহকুমা শাসক পদে নিয়োগ করা হয়েছে।
শান্তিরবাজারের মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, টিসিএস-কে বদলি করে ধলাই জেলার জেলা শাসক ও কালেক্টরের কার্যালয়ে সিনিয়র ডেপুটি কালেক্টর, আমবাসা পদে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দীপিকা গৌতম, আইএএস-কে শান্তিরবাজারের মহকুমা শাসক পদে নিয়োগ করা হয়েছে। তিনিও শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের সিইও-এর দায়িত্ব পালন করবেন।
এছাড়া, এন. এস. চাকমা, টিসিএসকে কুমারঘাটের মহকুমা শাসকের পদ থেকে বদলি করে আগরতলায় যুগ্ম পরিচালক, জিএ পদে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে শুভম মীনা, আইএএস-কে কুমারঘাটের মহকুমা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের সিইও-এর দায়িত্বও সামলাবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কুন্তল দাস, আইএএস-কে তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে থাকা পরিচালক, ওবিসি কল্যাণ এবং ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা ওবিসি ওয়েলফেয়ার কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে তামাল মজুমদার, আইএএস-কেও তাঁর সংশ্লিষ্ট অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজ্যপালের আদেশক্রমে ত্রিপুরা সরকারের ডেপুটি সেক্রেটারি এইচ. দেববর্মা এই প্রশাসনিক রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছেন।



















