নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক। বৃহস্পতিবার সকালে রাবার বাগানে কাজ করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো ওই ব্যক্তি রাবার বাগানে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ দুটি ভাল্লুক তার ওপর আক্রমণ চালায়। ভাল্লুকের আক্রমণে তিনি গুরুতর জখম হন এবং তার পায়ে মারাত্মক আঘাত লাগে।
ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত কৃষককে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
























