নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর: একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে খোয়াইয়ের নিপেন চক্রবর্তী অ্যাভিনিউতে ছয় ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে রাজ্যের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সিং চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সাগরিকা সেন-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
কর্মসূচির ব্যানারে চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষার প্রথম ও দ্বিতীয় স্তর উত্তীর্ণদের নিয়োগের দাবিও ছিল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
দীর্ঘ সময় ধরে চলা এই গণ অবস্থান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা তাঁদের উত্থাপিত দাবিগুলি দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।



















