নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি ও রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। শুক্রবার সকাল ১১টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন দক্ষিণ ফুলবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
আহত প্রবীণের নাম আপ্তার আলী (৬৬)। তাঁর বাড়ি কদমতলা এলাকার লক্ষ্মীনগরের ২ নম্বর ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, শুক্রবার কদমতলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দক্ষিণ ফুলবাড়ী এলাকায় তাঁর পথ আটকায় চার ব্যক্তি। এরপর পুরনো জমি সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেন, জয়নাল আলী, আব্দুর রহমান ও মইন উদ্দিন তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র, লাঠি ও রড দিয়ে আপ্তার আলীকে মারধর করে গুরুতর জখম করে। পাশাপাশি ব্যাংক থেকে সদ্য তোলা ৯ হাজার ৯০০ টাকা এবং তাঁর পকেটে থাকা আরও ২০০ টাকা, মোট ১০ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হামলার পর রক্তাক্ত অবস্থায় আপ্তার আলীকে উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় একজন প্রবীণ নাগরিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















