News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে ফের নদীভাঙনের আতঙ্ক, কোটি টাকার কাজেও মেলেনি স্থায়ী সমাধান
Image

কুমারঘাটে ফের নদীভাঙনের আতঙ্ক, কোটি টাকার কাজেও মেলেনি স্থায়ী সমাধান

আগরতলা, ৩ জুন : ঊনকোটি জেলার কুমারঘাটে দেও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফের নতুন করে নদীভাঙনের ঘটনা সামনে এসেছে। কুমারঘাট দেও সেতু থেকে পুরনো শিবতলী যাওয়ার রাস্তার একাংশে নদীর পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। বর্ষা মৌসুমের শুরুতেই এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, দেও নদীর তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই ভাঙনের সমস্যা রয়েছে। নদীর পাড়ের খুব কাছেই একাধিক পরিবারের বসবাস হওয়ায় পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বর্তমানে কোনোভাবে যানবাহন চলাচল সম্ভব হলেও যেভাবে নদীর পাড় ভেঙে যাচ্ছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

অভিযোগ উঠেছে, ভাঙন রোধে উনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ইতিমধ্যেই কোটি কোটি টাকা ব্যয় করলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান উনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মা। তাঁর উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকার বাসিন্দা শশাঙ্ক চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, গত চার দশক ধরে তাঁরা নদীভাঙনের সমস্যার সঙ্গে বসবাস করলেও গত তিন বছরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কোটি কোটি টাকা ব্যয়ের পরও স্থায়ী সমাধান না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি নদীর পাড়ে জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য ড্রেন নির্মাণের দাবিও জানান স্থানীয়রা।

বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য বৃহত্তর প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন, সমস্যার গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বর্ষার শুরুতেই দেও নদীর তীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখন দ্রুত কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে কুমারঘাটবাসী।

Releated Posts

ইয়াবা ও হেরোইন মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ জুলাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) এক মামলায় অভিযুক্ত সুমন দাস (২৭)-কে দোষী সাব্যস্ত করে ৮ বছরের…

ByByNews Desk Jul 18, 2026

সোনম ওয়াংচুকের সমর্থনে আগরতলায় মোমবাতি মিছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব জয়েন্ট অ্যাকশন কমিটি

আগরতলা, ১৮ জুলাই:  সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল…

ByByNews Desk Jul 18, 2026

ঠাকুর ঘরও রেহাই দিচ্ছে না চোর, লক্ষ্মীর ঘট ভেঙ্গে ২০ হাজার টাকা নিয়ে চম্পট 

চড়িলাম, প্রতিনিধি, ১৮ জুলাই :  প্রায় আড়াই বছর ধরে সমান্তরালে চুরি করে যাচ্ছে একই ব্যক্তি। বিশালগড় মহকুমা বিস্তীর্ণ…

ByByNews Desk Jul 18, 2026

পিকে চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে বামফ্রন্টের ক্ষোভ, অপসারণের দাবি

আগরতলা, ১৮ জুলাই: প্রদীপ কুমার (পিকে) চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল বামফ্রন্ট।…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top