আগরতলা, ২ জুন: অমরপুর ব্লকে উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে সোমবার অমরপুর বিডিও অফিসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বিল প্রদানে স্থবিরতার অভিযোগ তুলে প্রায় ১০ জন পঞ্চায়েত প্রধান বিডিও অফিসে উপস্থিত হয়ে বিডিওর কাছে জবাবদিহি দাবি করেন।
পঞ্চায়েত প্রধানদের অভিযোগ, প্রাক্তন বিডিও উৎপল দাসের বদলির পর থেকে অমরপুর ব্লকের উন্নয়ন কার্যত থমকে রয়েছে। তাঁদের দাবি, বর্তমান বিডিও সঞ্জীব দেবনাথ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না। পাশাপাশি সম্পন্ন হওয়া বিভিন্ন কাজের বিলও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, যার ফলে পঞ্চায়েতগুলির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিন বিডিও অফিসে উপস্থিত হয়ে পঞ্চায়েত প্রধানরা বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিডিওর সঙ্গে তাঁদের তর্ক-বিতর্কের ঘটনাও ঘটে। অভিযোগ, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই কয়েকজন জনপ্রতিনিধি বিডিওর সঙ্গে দুর্ব্যবহার করেন।
অন্যদিকে, বিডিও সঞ্জীব দেবনাথ অভিযোগগুলি অস্বীকার করে জানান, পঞ্চায়েত প্রধানরা প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত নন। নিয়ম মেনেই প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। উন্নয়নমূলক কাজের অচলাবস্থা দূর করে দ্রুত সমস্যার সমাধান হবে কিনা, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।



















