পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নিহতের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করে বলেন, কৃষ্ণ ভূষণ কুমার কর্তব্য পালনে অসামান্য নিষ্ঠা ও সাহসের পরিচয় দিয়েছেন। তাঁর শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ঈশ্বর যেন প্রয়াতের আত্মার শান্তি দেন এবং এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের শক্তি জোগান।”
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিরোধী নেতা তেজস্বী যাদব-কে আক্রমণ করেন। তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, “এটি নতুন বিহার, এখানে গুলির জবাব কামানে দেওয়া হবে,” এবং ভাগলপুর পুলিশের প্রশংসা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল প্রায় ৪টা নাগাদ সুলতানগঞ্জ নগর পরিষদের দফতরে ঢুকে তিন দুষ্কৃতী নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারকে গুলি করে খুন করে। একই ঘটনায় পুরপ্রধান রাজ কুমার ওরফে গুড্ডু গুরুতর জখম হন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার তদন্তে নাটকীয় মোড় আসে বুধবার ভোরে, যখন মূল অভিযুক্ত রামধনী যাদব পুলিশ এনকাউন্টারে নিহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে সে গুরুতর জখম হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই এনকাউন্টারে তিনজন পুলিশকর্মীও আহত হয়েছেন এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।



















