আগরতলা, ৪ এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এস. ভেঙ্কটনারায়ণা ভট্টি শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত ১২তম বার্ষিক বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে ভারতের গণতন্ত্রের “ইস্পাত কাঠামো” হিসেবে অভিহিত করেন। তিনি বিচারকদের সততা, স্বচ্ছতা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার ওপর বিশেষ জোর দেন।
নিজের জেলা আদালতের প্রাথমিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বিচারপতি ভট্টি বলেন, প্রক্রিয়াগত নীতি ও মৌলিক আইন তাঁর বিচারিক জীবনে আজও পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, ট্রায়াল কোর্টের বিচারকরাই বিচারপ্রক্রিয়ার ভিত্তি নির্মাণ করেন এবং ভবিষ্যৎ আইনজীবীদের গড়ে তোলার গুরুদায়িত্ব তাঁদের ওপর বর্তায়। পাশাপাশি তিনি তথাকথিত “বিষাক্ত ছ’টি সি” বিভ্রান্তি, জাতি বা ধর্মভিত্তিক পক্ষপাত, দুর্নীতি, যোগসাজশ, আত্মতুষ্টি এবং চাপের কাছে আত্মসমর্পণ—এর বিরুদ্ধে সতর্ক করেন।
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম. এস. রামচন্দ্র রাও সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সময়মতো রায় প্রদান না হলে বিচারব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ হয়। তাই বিচারকদের স্বাধীনতা বজায় রেখে দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, আইনজীবীদের ভুল বা অযথা বিলম্ব যেন ন্যায়বিচারের পথে অন্তরায় না হয়।
উক্ত অনুষ্ঠানে বিচারপতি টি. অমরনাথ গৌড়, এস. এফ. পুরকায়স্থ, বিশ্বজিৎ পালিত এবং টিজেএ-র পরিচালকসহ বিচারবিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















