আগরতলা, ৪ এপ্রিল: নারকেলকুঞ্জের জলাশয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এনআইটি ছাত্র। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর এইচডিআরএফ তৎপরতায় ছাত্রের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা অভিনব সিং (২০) সহ চার বন্ধু গতকাল নারকেলকুঞ্জে ঘুরতে গিয়েছিল। সে এনআইটি আগরতলার দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল সেখানে তাঁরা রাত্রি যাপন করেন। আজ সকালে স্নান করতে গিয়ে জলাশয়ে তলিয়ে যায় অভিনব সিং। সাথে সাথে প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। নিখোঁজ যুবকের সন্ধানে জলাশয়ে তল্লাশি শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর এইচডিআরএফ তৎপরতায় আগরতলার এনআইটি-এর দ্বিতীয় বর্ষের ছাত্রের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।



















