স্কুলের গাফিলতিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১৮ নভেম্বর : ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের অবহেলার জেরে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দ্বীপান্বিতা পালের। ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর। পরিবার সূত্রে জানা গেছে, সেদিন স্কুলে একটি অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। দ্বীপান্বিতা অসুস্থ অনুভব করে শিক্ষিকাকে জানালেও তাঁর অভিযোগ উপেক্ষা করা হয়।

অভিভাবকদের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানানো সত্ত্বেও শিক্ষিকা তাকে রোদের মধ্যেই দাঁড় করিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাধ্য করেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট দ্বীপান্বিতা।

খবর পেয়ে পরিবার স্কুলে পৌঁছে শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, সে সান স্ট্রোকের শিকার হয়েছে এবং তার শরীরের একটি অংশ প্যারালাইসিস হয়ে গেছে। টানা চিকিৎসার পরও অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত আজ মৃত্যু হয় দ্বীপান্বিতার।

এই মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে। তাদের দাবি, স্কুলের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই দ্বীপান্বিতাকে প্রাণ দিতে হলো। এবিষয়ে স্কুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।