শনিবার এল ক্লাসিকো, মুখোমুখি রিয়াল-বার্সা

বার্সিলোনা, ২৫ অক্টোবর (হি.স.):  শনিবার মাঠে গড়াচ্ছে মরসুমের প্রথম এল ক্লাসিকো। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভারতীয় সময় রাত ১২.৩০টায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স দুটি দলই  বড় জয় পেয়েছে। রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে ভর করে ৫-২ গোলে জয় পেয়েছে। আর বার্সেলোনা  বায়ার্ন মিউনিখের বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে।

তবে এই ম্যাচের আগে জন্ম দিয়েছে এক বিতর্কের। বার্সেলোনার সমর্থকরা বায়ার্নের বিপক্ষে ম্যাচ  চলাকালীন ভিনিসিউস জুনিয়রের নামে আপত্তিকর গান গেয়েছে। বুধবার স্তাদি অলিম্পিকে বায়ার্নের বিপক্ষে ম্যাচ চলাকালীন বার্সা সমর্থকরা ভিনিসিউসকে উদ্দেশ্য করে ‘মরে যাও’ বলে স্লোগান দিয়েছে। আর তা ক্যামেরায় ধরা পড়েছে। আর এই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচিত হচ্ছে। তবে এবারই কাতালান ক্লাবটার সমর্থকদের এমন কীর্তি এই প্রথম নয়। গত বছরও স্তাদি অলিম্পিকে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউসের উদ্দেশ্যে এমনই উক্তি ছিল।

শনিবার এল ক্লাসিকোর আগে “ভিনিসিউস মরে যাও, ভিনিসিউস মরে যাও”এই স্লোগান দুই পক্ষের ম্যাচ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। আসলে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভিনিসিউসের জাদুকরী পারফরম্যান্সের পর এল ক্লাসিকোয় তার দিকে আলাদা নজর থাকবেই বার্সার। বার্সা সমর্থকরা তাই ম্যাচ মাঠে গড়ার আগেই জানান দিল, ম্যাচটা ভিনির জন্য সহজ হবে না।

এখন দেখার বিষয় শনিবার  চিরপ্রতিদ্বন্দ্বীদের গান ব্রাজিলিয়ান তারকাকে কতটা তাঁতিয়ে দেয়। ভিনি বার্সা সমর্থকদের মাঠে চুপ করিয়ে দেবেন -এমনটাই চাওয়া লস ব্লাঙ্কো সমর্থকদের।