ওয়ারশ, ২৮ আগস্ট (হি.স.): সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার এক পোস্ট করে খেলোয়াড়ি জীবনে ইতি টানলেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনি। তাঁর চুক্তির মেয়াদ জুভেন্টাসের সঙ্গে ছিল ২০২৫ জুন পর্যন্ত। এক বছর আগেই ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ৭টি মরশুম কাটানোর পর সম্পর্ক ছিন্ন করলেন শেজনি। ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। ক্লাব কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলেছেন এই জুভেন্টাসের হয়েই।
৩৪ বছর বয়সি শেজনি জুভেন্টাসের হয়ে তিনটি করে লিগ শিরোপা ও ইতালিয়ান কাপ জেতার স্বাদ পান। জাতীয় দলের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন শেজনি। সবশেষ ইউরোতেও পোল্যান্ডের এক নম্বর গোলরক্ষক ছিলেন তিনি। ইউরোতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পোল্যান্ড।

