News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, যোগাযোগের সমস্যা নিরসনে ব্যর্থ প্রশাসন
Image

দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, যোগাযোগের সমস্যা নিরসনে ব্যর্থ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজ্যে উন্নয়নের নিরিখে নাকি প্রতিটি নির্বাচন বামফ্রন্টের বিপুল জয় হচ্ছে৷ তবে মডেল রাজ্যের তথাকথিত সেই উন্নয়ন যে জনসাধারণের কতটুকু উপকারে আসছে সেটাই এখন বড় প্রশ্ণ হয়ে দাঁড়াচ্ছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের লক্ষ্যে দুই বছর আগে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হলেও আজ পর্যন্ত যোগাযোগের সঠিক পরিকাঠামো গড়ে তুলতে ব্যর্থ ব্লক প্রশাসন৷ যার ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে৷
নতুন বাজার ও যতনবাড়ির সাথে উত্তর একছড়ি ভিলেজ কমিটির মঙ্গলসিং পাড়ার জনজাতিরা যাতে অনায়াসে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে গত ২০১৪ইং সালে করবুক আর ডি ব্লক মঙ্গলসিং পাড়ায় একটি বক্স কালভার্ট নির্মাণ করে৷ মহাত্মা গান্ধী রেগা প্রকল্পের ১৪,১০,৭৭৩ টাকা ব্যয় করে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়৷ কিন্তু নির্মীয়মাণ বক্স কালভার্ট এলাকাবাসীর তেমন কোন উপকারে আসেনি৷ কারণ নির্মাণের পর দুইবছর অতিক্রান্ত হতে চললেও বক্স কালভার্টের দুই প্রান্তে যোগাযোগ রক্ষাকারী রাস্তা আজও নির্মাণ করা সম্ভব হয়নি৷ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্স কালভার্ট নির্মাণ করলেও বিগত দুই বছরে রাস্তা নির্মাণের জন্য করবুক ব্লক কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিতে পারেনি৷ দুইদিকে রাস্তাহীন বক্স কালভার্ট টি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তেমন কোন ভূমিকা গ্রহণ করতে পারেনি৷ অবশেষে গত বছর এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় একটি ড্রজার ভাড়া নিয়ে পাহাড় কেটে বক্স কালভার্টের দুই প্রান্তে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়৷ প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় করে বক্স কালভার্টের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী দুইটি রাস্তা করা সম্ভব হয়৷ ওই রাস্তা দিয়ে কোন রকম পায়ে হেঁটে চলাফেরা করা গেলেও যানবাহন চলাচল করা দূরসাধ্য ব্যাপার৷ বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর হয়ে দাঁড়ায়৷ এলাকাবাসীর সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে রাস্তা তৈরির প্রচেষ্টা করলেও মডেল রাজ্যের প্রশাসনের কোন হেলদোল নেই৷ এলাকাবাসীর পক্ষ থেকে বার বার দাবি করা হলেও কোন কাজ হচ্ছে না৷ প্রশাসন যদি যান চলাচলের যোগ্য রাস্তা নির্মাণ করে দিত তাহলে মঙ্গলসিং পাড়ার বসবাসকারীর অনায়াসে নতুন বাজার কিংবা যতনবাড়ি আসা যাওয়া করতে পারত৷ বর্তমানে ওই এলাকার জনজাতিদের ঘুরপথে যতনবাড়ি আসতে হয়৷ ওই রাস্তাটির অবস্থাও বেহাল৷ ফলে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য মঙ্গলসিং পাড়ার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে৷ বিশেষ করে কোন মুমুর্ষ রোগীকে নতুন বাজার হাসপাতালে নিয়ে আসতে গ্রামবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ অথচ উন্নয়নকামী সরকারের প্রশাসনের কর্তাবাবুরা এলাকাবাসীর সমস্যা সমাধানে দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্স কালভার্ট নির্মাণ করেই রাজ্য সরকার উন্নয়নের ঢাক পেটাচ্ছেন৷ কিন্তু বক্স কালভার্টটি ব্যবহারযোগ্য করে তোলার জন্য সরকার বাহাদুরের কোন উদ্যোগ নেই৷ অথচ রেগা কিংবা ব্লকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটি ইট সলিং রাস্তা তৈরি করে দেওয়া হলেই বক্স কালভার্টটির সুবিধা এলাকাবাসী গ্রহণ করতে পারত৷ এলাকাবাসী উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগ পেত৷ মঙ্গলসিং পাড়ার জনজাতিদের কাছে যা আজও অধরা হয়ে আছে৷ মঙ্গলসিং পাড়া তো শুধু দৃষ্টান্তমাত্র, রাজ্যের প্রায় প্রতিটি গ্রামীণ এলাকাতেই উন্নয়নের বেহাল চিত্র৷ প্রত্যন্ত এলাকার পরিকল্পনাহীন উন্নয়ন যে আক্ষরিক অর্থে জনজাতিদের তেমন কোন উপকারে আসছে না তা বারবার প্রকাশ্যে চলে আসছে৷ তারপরও রাজ্যের মুখিয়া বর্হিরাজ্যে গিয়ে দাবি করছে ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top