ক্রিকেট অনুরাগী-২৪৯/৩
জুটমিল-২৩৩/৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। দুরন্ত লড়াই। তারপরও হারলো জুটমিল কোচিং সেন্টার। ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওপেনার ঝুমকি দেবনাথ এবং অশ্মিতা নাথের হাত ধরে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর উন্মুক্ত মহিলা ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট অনুরাগী জয়লাভ করে ১৬ রানে। ক্রিকেট অনুরাগীর গড়া ২৪৯ রানের জবাবে জুটমিল ২৩৩ রান করতে সক্ষম হয়। অনুরাগীর ঝুমকি দেবনাথ শতরান করেছেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ক্রিকেট অনুরাগী নির্ধারিত ৫০ ওভার ৩ উইকেট হারিয়ে ২৪৯ রান করে। ওপেনিং জুটিতে ঝুমকি দেবনাথ এবং অশ্মিতা নাথ ১৩১ রানের পার্টনারশীপ গড়ে বড় রানের ইঙ্গিত দেন। অশ্মিতা ৯৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। ঝুমকি ১৩৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৩ রানে এবং প্রীয়াঙ্কা সাহা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। জবাবে খেলতে মনেমে দলীয় ৩৪ রানের মাথায় ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটমিলের হয়ে রুখে দঁাড়ান অম্বেষা দাস এবং অন্তরা দাস। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ১২৯ রান। অম্বেষা ৭৭ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রানে এবং অন্তরা ৯১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন। ওই দুজন আউট হওয়ার পর আবার ধস নামে জুটমিল শিবিরে। শেষ দিকে শিল্পী দাস ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে জুটমিল ২৩৩ রান করতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে। ক্রিকেট অনুরাগীর পক্ষে ঝুমকি দেবনাথ (৩/১২) এবং অশ্মিতা নাথ (৩/৪৪) সফল বোলার।

