বিমাবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গেলেন না কেসিআর, নিন্দায় সরব বিজেপি

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : ফের প্রধানমন্ত্রী মোদীকে এড়ালেন কেসিআর। দুদিনের তেলেঙ্গানা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন না কে চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের নিন্দা করেছে বিজেপি। ঈর্ষান্বিত হয়েই কেসিআরের এই সিদ্ধান্ত বলে কটাক্ষ বিজেপির। আগামী বছর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। তার আগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে শনিবার দু’দিনের তেলেঙ্গানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবারও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের উপস্থিত থাকলেন না মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

এদিকে প্রধামন্ত্রীকে এড়িয়ে চলার এই ঘটনাকে নিশানা করতে ছাড়েননি রাজ্য বিজেপি নেতৃত্ব। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গের অভিযোগ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ঈর্ষান্বিত হয়ে শিশুর মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রামচন্দর রাও। রাজনৈতিকভাবে বিরোধী হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। কেসিআর কেন এড়িয়ে চলছেন, তা নিয়ে প্রশ্নও তোলেন ওই বিজেপি নেতা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি স্ট্যাচু অব ইক্যুয়ালিটির উদ্বোধন করতে তেলেঙ্গানায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের স্বাগত জানাতে আসেননি কেসিআর। উপস্থিত ছিলেন না মূর্তি উদ্বোধন অনুষ্ঠানেও। তা নিয়ে বিস্তর রাজনৈতিক তরজাও হয়েছিল তখন।