নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমতে কমতে ৮০০-র নীচে নেমে এল, তবে শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫৮ জন রোগীর। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ০.১৭ শতাংশ।
সোমবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২০,৫৪-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫৪৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৬ লক্ষ ১৭ হাজার ৬৬৮ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৮৭,৩৩,০৮১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৪১৬ জন (১.২১ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,২৮০ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৯৬,৩৬৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

