আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ভোটগ্রহণ শুরু হয়েছে মান্দাই আরডি ব্লকে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। একইভাবে আগামীকালও নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ করা হবে।
মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ব্লকের অধীনে নির্বাচনী কর্মীদের জন্য মোট ৫৩টি ভোটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৪০টি ভোট পুলিশ ও টিএসআর কর্মীদের এবং বাকি ১৩টি ভোট পোলিং কর্মী ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের জন্য নির্ধারিত রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুর পর্যন্ত প্রায় ২০ জনের মতো ভোটার লাইনে ছিলেন বলে জানান তিনি।
এদিনের ভোটগ্রহণে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। পুরো ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের মহিলা রাখা হয়েছে। অর্থাৎ এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র হিসেবে পরিচালনা করা হচ্ছে। সকলের সহযোগিতায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে বলেও জানান বিডিও।
এদিকে মান্দাই ব্লকের ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন রিটার্নিং অফিসার। তিনি জানান, ব্লকের অন্তর্গত মোট ৩৩২টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে দুটি মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা ৩৩০টি। এর মধ্যে ১৪১টি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
আগামী ২৮ সেপ্টেম্বর মান্দাই ব্লকের ২৭টি ভোটকেন্দ্রে ৫৭টি আসনে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিজেপির ৮ জন, সিপিআই(এম)-এর ৪০ জন, তিপ্রা মথার ৫৫ জন, আইপিএফটির ১ জন এবং অন্যান্য তথা নির্দল প্রার্থী রয়েছেন ২১ জন।
রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ এবং আগামী ২৮ সেপ্টেম্বরের মূল ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবারের ভোটগ্রহণও সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে বলে তিনি জানান।



















