আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরের টেপানিয়া ছড়ার বাজার এলাকায়। চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।
স্থানীয় সূত্রে জানা যায়, টেপানিয়া ছড়ার বাজার এলাকার বাসিন্দা পূর্ণিমা দেবনাথ দীর্ঘদিন ধরে স্বামীহারা অবস্থায় একাই বসবাস করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি বাড়িতে ছিলেন। দুপুর ১২টা নাগাদ মাতাবাড়িতে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
নিমন্ত্রণ শেষে বাড়িতে ফিরে এসে পূর্ণিমা দেবনাথ দেখতে পান, ঘরের দুটি দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে তিনি দেখেন, বিভিন্ন সামগ্রী এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এরপর একটি সুকেশের তালাও ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।
সুকেশ খুলে দেখতেই বিষয়টি স্পষ্ট হয়। সেখানে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার আর নেই। পূর্ণিমা দেবনাথের অভিযোগ, বাড়িতে রাখা প্রায় ২ লক্ষ টাকা নগদ এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরা। কয়েক ঘণ্টার জন্য বাড়ির বাইরে গিয়েই এমন চুরির ঘটনায় কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশ বাড়িটি পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে তালা ভেঙে চোরেরা বাড়িতে প্রবেশ করল এবং কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট এলাকার গ্রামপ্রধান রঞ্জন শর্মা। তিনি বাড়ির মালিকের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
জনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত গৃহবধূর দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি চুরি যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করুক। রাধাকিশোরপুর থানার তদন্তে এই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের কত দ্রুত শনাক্ত করা সম্ভব হয়, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।



















