ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ছাত্রছাত্রীরা। আন্দোলনের এক পর্যায়ে কলেজের প্রিন্সিপাল, বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীসহ কয়েকজনকে কলেজের ভিতরে তালাবন্দি করে রাখার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে বহিরাগতদের বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে রক্তদান শিবির আয়োজনের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট এবং পর্যাপ্ত ও পরিশ্রুত পানীয় জলের অভাব রয়েছে বলেও দাবি তাদের।
এবিভিপির দাবি, এসব সমস্যা নিয়ে একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানানো এবং ডেপুটেশন দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। এর পরিপ্রেক্ষিতেই তারা তালা বন্ধ করে আন্দোলনে বসেন।
আন্দোলনকারীদের দাবি, কলেজের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা, শিক্ষক ও পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান এবং কলেজ চত্বরে বহিরাগতদের কর্মসূচি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



















